মিথ্যা জীবন

কই জানি পড়ছিলাম প্রতিটা কাকতাড়ুয়ার

একটা সিক্রেট এম্বিশন থাকে

অন্যরে ভয় দেখানোর

তার লাইফের গোপন বাসনা

কতো কতো কাকতাড়ুয়া এইভাবে আছে

কেউ তাদের ভয় পায় না

কাকেরা তাদের গায়ে বসে থাকে, উদাসভাবে তাকায়

ফলত, তারা একটা বিষন্ন জিন্দেগী যাপন করে

তারা অনেক অনেক দূরবর্তী কাকতাড়ুয়াদের কথা ভাবে 

যারা দুনিয়ার বিভিন্ন স্থানে ছড়াইয়া আছে 

যারা সফল, তাদের দেখে কাকেরা ভয় পায়, কাঠবিড়ালি আসে না, খরগোশ পথ ভুল করে 

এবং মানুষেরাও কোন নিস্তব্দ দুপুরে বা ভর সন্ধ্যাবেলায় দেখলে ভয়ে আঁতকে উঠে

এদের সফলতার কথা ভেবে তারা আরো দুখী হয়

ওদের মতো হইতে না পারার বেদনা তাদের মাটির সাথে মিশিয়ে ফেলতে চায়  

এই বাস্তবতা মাথায় রেখেই আমি 

যখনই কোন কাকতাড়ুয়া দেখি

তখন ভয় পাওয়ার অভিনয় করে যাই

জুলাই ২৫, ২০২০

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শেয়ার