ঘুমাইতে গিয়া দেখতেছি বালিশের জায়গায় জুতা আর বালিশ গিয়া বসে আছে জুতার র্যাকে লাইট জ্বালাইতে গেলে ফ্যান ঘুরে যাচ্ছে এসি ছাড়তে গেলে জ্বলে উঠতেছে হিটার প্রোটিন পাউডার পানিতে মিশাইলে জমে ক্ষীর হয়ে যাইতেছে আর ক্ষীর রান্না করলে জমতেছে না গ্লুকোজ মেশানো পানির মত ঝইরা পড়তেছে একটা হইতে গিয়া আরেকটা ভুল হইতেছে মারফি তার সূত্রের সব গোলাবারুদ এই দিকে তাক করে দেখাইতেছে সকল ম্যাজিক কারিশমা কারামত ডানহাত আজ বাম মকবুল স্যার সুইটি ম্যাডামরে প্রেম প্রস্তাব দিতে গিয়া ভুলে বলে ফেলতেছে শান্তির নাম জাতীয়তাবাদী চেতনার পুরনো বোতল থেকে বাইর হইতেছে ফ্যাসিস্ট আম আর গাইতেছে দেশ প্রেমের বদলে যুদ্ধ সংগীত আর, একটা কবিতা লেখার জন্য এজেন্ট বানাইয়া দেখি এজেন্ট আমারে নির্দেশ দিয়া করাইতেছে সব কাজ, এইসব ভুলের ভেতরে একটার পর একটা ভুলে ভ্রম বহমানতায় ভাসতে ভাসতে ডুবন্ত মানুষের মত কোনো এক খড়কুটা খুজতেছি ধরব; সংশয় এবং ভয়, শেষ অবলম্বন সেই খড়কুটা যদি কামড়ে দেয় হাত
২৬ জুলাই ২০২১
এডিট – মার্চ ২১, ২০২৬